বুধবার, ১৭ জুন, ২০১৫

শুক্রবার থেকে রোজাঃ


দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায় নি । তাই আগামী শুক্রবার থেকে শুরু হবে সিয়াম সাধনা । জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক শেষে জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার প্রথম তারাবীহ নামাজ হবে । বৃহস্পতিবার দিবাগত রাতে সাহরি খেয়ে মুসলমানরা রোজা শুরু করবেন ।
বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ।

মঙ্গলবার, ১৬ জুন, ২০১৫

ইহরাম ও তালবিয়া

পরিস্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে ইহরাম বেধে দুই রাকায়াত নামায আদায় করতে হবে । এই দুই রাকায়াত নামাযের অনেক বেশী ফজিলত ।নামায শেষে তালবিয়া পাঠ শুরু করতে হবে । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার কাছে জিবরাঈল (আঃ) এসে বলেছেন, আপনার সাথীদের উচ্চস্বরে পাঠ করতে বলুন, কারন এটা হজ্জের নিদর্শন । (ইবনে মাজাহ ) 

রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ যখন তালবিয়া পাঠ করা হয় তখন তালবিয়া পাঠকারী হাজীর ডান-বাম দিকের পাথর, গাছ, ও মাটি তার সাথে তালবিয়া পাঠ করতে থাকে । একজন হাজী যখন তালবিয়া পাঠ করে, মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহানত্বের প্রকাশ করে তখন আল্লাহ তায়ালা অত্যন্ত খুশী হন । 
তালবিয়া নিচে উল্লেখ করা হলোঃ 
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মূলক, লা শারিকা  লাক ।
আমি আপনার আহবানে উপস্থিত, হে আমার মালিক ! আমি আপনার দরবারে উপস্থিত । আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার কোনো অংশীদার নেই । নিঃসন্দেহে সকল প্রশংসা ও সম্পদরাশি আপনার এবং সমগ্র বিশ্বের একচ্ছত্র আধিপত্য সার্বভৌমত্ব আপনার । আপনার সার্বভৌমত্ব্যে অন্য কারো কোনো অংশীদার নেই । 
চলবে................
"শারঈ মানদন্ডে
দোয়া-যিকর, হজ্জ ও উমরা"


কাল দেশব্যাপী জামায়াতের হরতালঃ


বুধবার দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত । মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের রায়ে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখা হলে দলটি এই হরতাল কর্মসূচি ঘোষণা করে ।

সোমবার, ১৫ জুন, ২০১৫

মুজাহিদের ফাঁসির রায় বহাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সফল, সাবেক সমাজকল্যান মন্ত্রী, পরিচ্ছন্ন রাজনীতিবীদ, বাংলাদেশ সকল গনতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক জননেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রেখেছে আওয়ামী সরকারের উচ্চ আদালতের বিচারকরা ।
এ রায় সরকারের নীলনকশা বাস্তবায়নের রায়, ইসলামী নেতৃত্ব নিঃশেষ করার রায় । এদেশের তাওহীদি জনতা এমন পূর্ব পরিকল্পিত, সাজানো ও দলীয় রায় ঘৃনাভরে প্রত্যাখান করেছে । ট্রাইব্যুনালের ......
৬নং অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে আপীল বিভাগ
ইতিহাস বিকৃতি, বানোয়াট অভিযোগ ও মিথ্যা সাক্ষীর ভিত্তিতে খুন হতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ । ৬ নং অভিযোগে বলা হয় যে, ১৯৭১ সালে, মোহাম্মাদপুর ফিজিকাল ইন্সটিটিউট বা শারীরিক শিক্ষা কলেজ পাকিস্তানী আর্মিদের একটি টর্চার ক্যাম্প ছিল সেখানে তিনি নিয়মিত ওই টর্চারক্যাম্পে যেতেন এবং পাকিস্তানী সেনা কর্মকর্তার সাথে শলাপরামর্শ করতেন । ঐ পরামর্শের আলোকেই ১০ ডিসেম্বর ১৯৭১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবি হত্যাজজ্ঞ নিধন চলে । এই অভিযোগে ট্রাইব্যুনাল জনাব মুজাহিদকে ফাসিঁর দন্ডাদেশ প্রদান করেন ।

এই অভিযোগটি সুনির্দিষ্ট নয় ।
- জনাব মুজাহিদ কবে, কাকে, কিভাবে হত্যা বা অপহরন করেছেন সুনির্দিষ্ট কোন দিন তারিখ উল্লেখ নাই । - কোন আর্মি অফিসারের সংগে কোথায় বসে এই পরামর্শ হয়েছে সে ব্যপারেও কোন উল্লেখ নেই । - এই পরামর্শের সময় আর কেউ উপস্থিত ছিলো কিনা এই মর্মে সুনির্দিষ্ট কোন তথ্য দেয়া হয়নি । এই ভাবে অভিযোগ গঠন ১৯৭৩ সালের আইনের পরিপন্থী । তাছাড়া- কোন বুদ্ধিজীবি পরিবারের কোন সদস্য কিংবা যারা এই ফিজিকাল ট্রেনিং ইন্সটিটিউটের কথিত ঘটনার ভিকটিম তাদের কারও স্ত্রী বা সন্তান -সন্ততি ট্রাইবুনালে এসে জনাব মুজাহিদের বিরুদ্ধে কোন স্বাক্ষ্য প্রদান করেননি । এই মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী স্বাক্ষী রুস্তম আলী মোল্লা । 
১৯৭১ সালে তার বয়স ছিল ১৪ বছর ।
তার বাবা রহম আলী মোল্লা ঐ ফিজিকাল ট্রেনিং ইন্সটিটিউটের সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন । সে এখনও জীবিত আছে । কিন্তু রাষ্ট্রপক্ষ তাকে স্বাক্ষী হিসেবে আদালতে হাজির করেনি । ঐ সময়কার প্রিন্সিপাল বা অধ্যক্ষ এখনও জীবিত আছেন । তাকেও এই মামলার স্বাক্ষী করা হয়নি । তদন্তকারী কর্মকর্তা স্বীকার করেছেন যে, তৎকালীন কোয়ার্টারে থাকা কোন স্টাফ, অধ্যাপক বা অন্য কোন কর্মকর্তা-কর্মচারীকে তিনি এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করেননি ।
স্বাক্ষী রুস্তম আলী মোল্লা
প্রাপ্ত বয়স্ক কাউকে এই ঘটনায় স্বাক্ষী না করে ১৪ বছরের একজন বালককে স্বাক্ষী করা আইনের দৃষ্টিতে গর্হিত কাজ। সে ছিল নাবালক। সে নিজেই স্বীকার করেছে তার বাবা সার্বক্ষনিক গার্ডের কাজ করতেন। এটি হাস্যকর যে, সে তার জবানবন্দিতে বলেছে, এই ঘটনা সংক্রান্তে সে তার বাবার চেয়েও বেশী জানে ।
এহেন পরিস্থিতিতে এই স্বাক্ষীর স্বাক্ষ্যের উপর নির্ভর করে মাননীয় ট্রাইবুনাল জনাব মুজাহিদকে বেআইনীভাবে মৃত্যুদন্ড প্রদান করেছেন। সবচেয়ে বড় কথা হল, তার বাবা রহম আলী বিভিন্ন টিভি সাক্ষাৎকারে ঘটনার বর্ননা করলেও জনাব মুজাহিদকে তার সাথে সম্পৃক্ত করেননি ।
এই স্বাক্ষী একজন অসৎ স্বাক্ষী । কেননা সে জেরায় স্বীকার করেছে আমি কোন স্কুলে লেখাপড়া করিনি তবে চাকুরীর জন্য পঞ্চম শ্রেণী পড়া একটি সার্টিফিকেট গ্রহন করেছে।
সে বলেছে, “আমার পিতা ফিজিক্যাল ট্রেনিং কলেজের কোন পদে চাকরি করতেন সেটা আমার জানা নাই ।” এটা কি হতে পারে ? কোন সন্তান তার পিতার চাকুরীর পদ ও পদবী নিয়ে কিছু জানবেনা, এটা কি সম্ভব ! সে আরও জানায়, “১৯৭১ সালে ফিজিক্যাল ট্রেনিং কলেজের টর্চার সেন্টারে নির্যাতিত এমন কারো নাম আমি বলতে পারব না । যাদেরকে টর্চার সেলে নির্যাতন করা হত তারা বুদ্ধিজীবি ছিলো শুনেছি ।”
স্বাক্ষী জেরায় স্বীকার করে যে, পূর্বে কোন সাক্ষাৎকারে সে বা তার পিতা ১৯৭১ সালে মুজাহিদ সাহেবকে চিনতো, তাকে দেখেছে কিংবা জনাব মুজাহিদ সাহেব ফিজিক্যাল কলেজে যাতায়াত করতেন মর্মে বিটিভি বা পত্রিকায় কোন বক্তব্য দেয়নি ।
এরকম মানের কোন স্বাক্ষ্য দিয়ে কোন ব্যক্তিকে আদৌ অভিযুক্ত করা বা এমন কোন স্বাক্ষ্যকে গুরুত্ব দিয়ে যদি কোন সিদ্ধান্তে আসা হয়, তা কি আদৌ গ্রহনযোগ্য হবে ?
ইয়া আল্লাহ ! তুমি তোমার বান্দাদেরকে হেফাযত কর ।

শুক্রবার, ১২ জুন, ২০১৫

আব্বার নুরানী হাসিমাখা মুখখানি দেখলাম অনেকদিন পর ।


দীর্ঘ এক মাস পর আমার শ্রদ্ধেয় আব্বার সাথে সাক্ষাত করলাম ।
আব্বা প্রসঙ্গে প্রথম লিখতেই হয় ভালো আছে কিনা ? সত্যিকার অর্থে প্রচন্ড গরমে ওই ছোট্ট রুমটিতে তিনি ভালো ছিলেন না । যদি লিখতাম ভালো নেই তবে নানান মানুষ নানান ভাবে নিত । 
এরই মধ্যে কে বা কারা একটি গুজব ছড়িয়ে দিয়েছে যে, আল্লামা সাঈদী কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন । গত দুদিন থেকেই হাজারো মানুষের ফোনে আমি প্রায় দিশেহারা । শোকর আলহামদুলিল্লাহ, আজ সাক্ষাতে জানলাম আমার আব্বা আল্লামা সাঈদী আল্লাহর মেহেরবাণীতে ভালো আছেন, সুস্থ আছেন ।
আপনারা দোয়া করুন, যে বা যারা পরিকল্পিতভাবে এই ধরনের গুজব ছড়াচ্ছে মহান আল্লাহ এইসব গুজবের উসিলায় আল্লামা সাঈদীর নেক হায়াত আরো বাড়িয়ে দিন এবং সুস্থ রাখুন, আমীন । মানসিক ভাবে আগে যেমন দৃঢ় ছিলেন, এখনো তেমন সুদৃঢ় আছেন । গরমে শরীরটা তেমন ভালো যাচ্ছিলো না । আল্লাহর রহমতের বৃষ্টিতে সুস্থ, ভালো আছেন ।
কথা যা হলো তার পুরোটাই রমজান কেন্দ্রিক । প্রথমেই একটি হাদীস বললেন । হুজুরে পাক নবী কারীম মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে প্রথম ধাপে পা রাখলেন, বললেন, আল্লাহুম্মা আমীন । দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন, আল্লাহুম্মা আমীন । ত্রিতীয় ধাপে পা রাখলেন বললেন, আল্লাহুম্মা আমীন । নামাজ শেষে সাহবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসুল (সাঃ) আমরাতো বুঝলাম না মেম্ব্রের প্রতি ধাপে ধাপে আপনি কেন আল্লাহুম্মা আমীন বললেন ?
রাসুলে কারীম (সাঃ) বললেন মেম্বরের কাছে আসতেই জিব্রাইল (আঃ) সালাম দিলেন, বললেন ঃ আমি দোয়া করব, আপনি আমীন বলবেন । তিনি দোয়া করলেন - 

১/ কোন সন্তান তার পিতা মাতা বা উভয়ের থেকে একজনকে জীবিত দশায় পেলো আর তার সেবা করে জান্নাত আদায় করাতে পারলো না, সে ধ্বংশ হোক । 
২/ কোন ব্যাক্তি আপনার নাম শুনলো, পড়লো, উচ্চারন করলো অথচ দুরুদ (সাঃ) পাঠ করলো না, সে ধ্বংশ হোক । 
৩/ যে ব্যক্তি রমজান মাস পেলো অথচ জান্নাত ওয়াজিব করতে পারলো না, সে ধ্বংশ হোক । (সহীহ বুখারী, আল আদাবুল মুফরাদ)
আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করতে হলে আল্লামা সাঈদী বললেন, তোমরা অবশ্যই করবে -
১ । ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করবে ।
২ । প্রত্যেক নামাজের পর মনে মনে আল্লাহর প্রশংসায় তাসবিহ পাঠ করবে ।
৩ । প্রতিদিন অন্তত ২০ মিনিট অর্থ সহ কোরআন অধ্যায়ন করুন ।
৪ । প্রতিদিন অন্তত ২টি হাদীস এবং ১০ পৃষ্ঠা ইসলামী গ্রন্থ পাঠ করুন ।
৫ । পর চর্চা এবং গীবত পুরোপুরি বর্জন করুন ।
৬ । যত বেশী সম্ভব দান, খয়রা্‌ নফল এবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও নৈকট্য লাভের চেস্টা করুন ।
৭ । ইফতারীর ১০ মিনিট পূর্বে ইফতারী সামনে নিয়ে বসুন । সবাই মিলে মহান আল্লাহর মহিমা স্বরন করুন । নিজের ভুল ত্রুটির জন্য তাওবা ও ক্ষমা প্রার্থনা করুন ।
৮ । রমজান মাসে যে কোন ভালো কাজের সাওয়াব অনেক বেশী তাই মানবতার সেবায় যতটুকু সম্ভব কাজ করুন । দ্বীনের দাওয়াত দিন ।
৯ । রোজার পরও আপনি যেন সংযমী, সুন্দর ও কল্যাণের জীবন যাপন করতে পারেন এবং দ্বীনের দাওয়াতকারী হিসেবে নিজেকে নিবেদিত করতে পারেন
সেজন্য আল্লাহ তায়ালার দরবারে সাহায্য প্রার্থনা করুন ।
১০ / সম্পদের হিসেব করে যাকাত দিন ।

বিদায়ের পূর্বে মোনাজাত করলেন । রোজাকে যেন কাজে লাগাতে পারি । রোজার সঠিক আমল যেন করতে পারি । মহান আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন । আমীন । আব্বা বললেন ঃ আমি আপনাদের কাছে দোয়া চাই । রমজান মাসের ১২ থেকে ১৫টা রোজা পবিত্র মাক্কা এবং মদীনাতে কাটাতাম । গত পাচ বছর মরুভুমির দেশে আল্লাহর পবিত্র ঘর বায়তুল্লাহ দেখিনা । আমার কলিজাটাও মরুভুমি হয়ে গেছে । মহান আল্লাহ সুবহানাহু তায়ালা, স্বপরিবারে পবিত্র মক্কা এবং রাসুল (সাঃ) এর রাওজা জিয়ারত না করিয়ে যেন মৃত্যু না দেন । 
আল্লাহুম্মা আমীন ।


রবিবার, ৭ জুন, ২০১৫

তায়াম্মুম পদ্ধতি এবং সফরের নামাজ

তায়াম্মুম পদ্ধতি
হজ্জের সফরের সময় বর্তমানে প্রায় সকলেই উড়ো জাহাজ বা প্লেনে যাতায়াত করে থাকেন । উড়ো জাহাজ বা প্লেনে অযু করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ । প্লেনে ওঠার পূর্বে অযু করে নেয়া ভালো । নামাজের সময় হলে কর্তৃপক্ষ প্লেনে মাটির চাকা সরবারহ করেন তায়াম্মুম করার জন্য । মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হবার নিয়ত করে বিসমিল্লাহ বলে দুই হাতের তালু একটু প্রসারিত করে পবিত্র মাটির ওপর ধীরে ধীরে মারতে হবে । অতঃপর  ফুক দিয়ে ঝেড়ে ফেলে প্রথমে মুখমন্ডল তারপর দুইহাত একবার হাতের কব্জি পর্যন্ত মাসাহ করতে হবে । যেমন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মার রাদিআল্লাহু আনহুকে তায়াম্মুম করতে দেখে বলেছিলেন, "তোমর জন্য এইরুপ করাই যথেস্ট ছিলো" এই বলে তিনি তার দুই হাত মাটির উপর মারলেন এবং ফুক দিলেন । অতঃপর দুইহাত দ্বারা মুখমন্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসাহ করলেন । (বোখারী-হা/৩৩৮, মুসলিম-হা/৮৬৪, মিশকাত-হা/৪৯৩)  
তায়াম্মুমের বিষয়টি নিয়ে মুহাদ্দিসীনের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে । তবে সহীহ বোখারী ও সহীহ মুসলিম যাকে মুত্তাফাকুন আলাইহ বলা হয় এ দুটি হাদীস গ্রন্থে উল্লেখিত হাদীস অনুসরন করাই শ্রেয় বলে অধিকাংশ হাদীস বিশারদগন মনে করেন ।
সফরকালীন কসর নামাজ আদায়  
সফরে থাকাকালে কতোদিন অবস্থান করলে মুসাফির হিসেবে গন্য হবে, এ সম্পর্কে ইসলামী চিন্তাবিদগনের মধ্যে মতপার্থক্য রয়েছে । সফরকালে মহান আল্লাহ তায়ালা ফরজ নামাজ যেখানে চার রাকায়াত সেখানে দুই রাকায়াত আদায় করার সুযোগ করে দিয়েছেন । আর সুন্নত ও নফল নামাজ সম্পর্কে বলা হয়েছে, কেউ ইচ্ছা করলে সুন্নত ও নফল নামাজ আদায় করতে পারেন । তবে সুন্নত নামাজে কোন কসর নেই । হজ্জের সফরে কোন ব্যস্ততা থাকে না বিধায় যতোবেশী নামাজ আদায় করা যায় ততোই ভালো । মহান আল্লাহ তায়ালা তার বান্দাকে যে সুযোগ দিয়েছেন তা গ্রহন করার মধ্যেই সওয়াব নিহিত রয়েছে ।
সফরকালীন দু'ওয়াক্ত নামাজ একত্রকরণ
হজ্জের সময় আরাফাত ও মুজদালিফায় যুহর-আসর ও মাগরিব- এশা একত্রে আদায় করার আদেশ রয়েছে এবং এটা হজ্জের কার্যক্রমের অন্তর্ভুক্ত । কিন্তু অন্য সময় সফরে গেলে দুই ওয়াক্তের নামাজ একই সাথে আদায় করা যাবে কিনা, এ সম্পর্কে ইসলামী চিন্তাবিদগনের মধ্যে মতপার্থক্য রয়েছে । কেউ বলেছেন, দুই ওয়াক্ত নামাজ একত্রে আদায় করা শুধু আরাফাত ও মুজদালিফায় অর্থাৎ হজ্জের সময় সীমাবদ্ধ । আবার কেউ বলেছেন, বিষয়টি কেবল হজ্জের সময় সীমাবদ্ধ নয়, অন্য সময়ে সফরে গেলেও সফরকারী ব্যক্তি যুহর-আসর ও মাগরিব-এশা একত্রে আদায় করতে পারেন এবং এটাই হাদীস সম্মত । ---(চলবে)
"শারঈ' মানদন্ডে
দোয়া-যিকির,হজ্জ ও উমরা"

শনিবার, ৬ জুন, ২০১৫

রোহিঙ্গাদের রক্তলাল ইতিহাস

***রোহিঙ্গা শব্দের উৎসঃ 
রোহিঙ্গাদের সম্পর্কে একটি গল্প রয়েছে, সপ্তম শতাব্দীতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজ থেকে বেঁচে যাওয়া লোকজন উপকূলে আশ্রয় নিয়ে বলেন, আল্লাহর রহমে বেঁচে গেছি । আর এই রহম থেকেই এসেছে রোহিঙ্গা ।
রোহিঙ্গাদেরকে আবার ‘রুইঙ্গা’ ও বলা হয়ে থাকেঃ
১৭৯৯ সালে প্রকাশিত "বার্মা সাম্রাজ্য"তে ব্রিটিশ ফ্রাঞ্চিজ বুচানন-হ্যামিল্টন উল্লেখ করেন, "মুহাম্মদ (সঃ) - এর অনুসারীরা", যারা অনেকদিন ধরে আরাকানে বাস করছে, তাদেরকে "রুইঙ্গা" বা "আরাকানের অধিবাসী" বলা হয় ।
***রোহিঙ্গাঃ মিয়ানমারে এক ঘৃণিত নাম
জাতিসংঘের তথ্যমতে, রোহিঙ্গারা বর্তমান বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী । মিয়ানমারের মূল ভূখণ্ডের অনেকের কাছেই রোহিঙ্গা জনগোষ্ঠী 'কালা' নামে পরিচিত । বাঙালিদেরও তারা 'কালা' বলে । ভারতীয়দেরও একই পরিচিতি । এ পরিচয়ে প্রকাশ পায় সীমাহীন ঘৃণা ।
***আরাকানে ইসলামঃ 
রোহিঙ্গারা পশ্চিম মায়ানমারের আরাকান রাজ্যের একটি উলেখযোগ্য মজলুম মুসলিম জনগোষ্ঠী ।
আরাকানের মুসলিম ঐতিহ্যের রয়েছে সুপ্রাচীন এক গৌরবোজ্জ্বল ইতিহাস । সর্বপ্রথম হজরত আবু ওয়াক্কাস ইবনে ওয়াইব (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় (৬১৭-৬২৭ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে) আরাকান অঞ্চলে ইসলামের দাওয়াত নিয়ে আসেন । ওমর ইবনে আবদুল আজিজ (রা.)-এর শাসনামলে আরাকানের শাসকদের সঙ্গে আরবীয় মুসলমানদের যোগাযোগের বিষয়টিও প্রমাণিত । তবে দশম ও একাদশ শতাব্দীতে আরব বণিক ও সুফি-সাধকদের ব্যাপক আগমনের ফলে আরাকান অঞ্চলে দ্রুত ইসলামের প্রচার হতে থাকে ।
***ইংরেজদের রোষানলে রোহিঙ্গাঃ 
১৬৬৬ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সাড়ে চার হাজার বছর আরাকান ছিল একটি সার্বভৌম ও মুসলিম প্রধান দেশ । ১৮২৬ খ্রিস্টাব্দে আরাকান ব্রিটিশের অধীনে চলে যায় । আর এর পর থেকে শুরু হয় তাদের রক্তভেজা ইতিহাস । তবে মাসিক ইতিহাস অন্বেষা নামক একটি সাময়িকী তে বলা হয়েছে- ১৬৬৬ সালের কথা । এতে আরো বলা হয়েছে- ১৭৮৫ সাল থেকে ১৮২৫ সাল পর্যন্ত আরাকানে বার্মার শাসন ছিল । তার মানে ব্রিটিশ শাসনের আগেও রোহিঙ্গারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল ।

***ধোঁকাবাজির শিকারঃ 
ইংরেজরা স্বভাবগত ভাবে বরাবরই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে । স্বাধীনতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরাকানের মুসলমানরা ইংরেজদের পক্ষাবলম্বন করেছিল । কিন্তু ব্রিটিশরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি । সেই যে শুরু হয়েছিল, রোহিঙ্গাদের রক্তভেজা ইতিহাস আজো রচিত হচ্ছে । বরং রচনার সে গতি আজ তীব্র থেকে তীব্রতর । চারদিক থেকে ধেয়ে এসেছে তাদের উপর আজ জুলুমের তুফান ।  আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে তাদের বুকফাটা কান্নায় । মানবতা লাথি খাচ্ছে আরাকানে । দেখবার,শুনবার কেউ নেই । শিশুদের চাপা কান্নায় কাঁপছে না মুসলমান, কাঁপছে না বিশ্ব বিবেক । তবে মজলুমের ফরিয়াদ বৃথা যায় না । হয়তো কোন একদিন এমন আসবে, এ রক্তের বিনিময়ে রোহিঙ্গাদের জীবনের আকাশে হেসে উঠবে ভোরের সূর্য ।
আরাকানে রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বর, অমানবিক ও রোমহর্ষক নির্যাতনের ঘটনা এখন ‘টক অব দ্যা ওয়ার্ল্ড’। মানবতাবিরোধী এমন কর্মকাণ্ডে বিশ্ববিবেক আজ স্তব্ধ ও হতবাক ! এ যেন আধুনিক জাহেলিয়াতের আরেক নমুনা । মুসলিম নর-নারী আর শিশু-কিশোরদের আর্তনাদে আল্লাহর আরশ কাঁপছে ! কিন্তু ইয়াজিদের মতো মন গলছে না এ সমাজের নব্য ফেরাউন আর নমরুদের উত্তরসূরিদের । কারণ একটাই—নির্যাতিত, বঞ্চিত আর অবহেলিত ওরা তো মানুষ নয়, ওরা মুসলমান ! এখানে জাতিসংঘ, বিশ্বমানবাধিকার সংস্থা আর বিশ্ব মোড়লদের বক্তৃতা-বিবৃতি দেয়া ছাড়া যেন আর কিছুই করার নেই । অথচ রোহিঙ্গা আজ একটি আন্তর্জাতিক সমস্যা । শাসকদের অত্যাচার-নির্যাতনের কারণে মানুষ আজ সাগরে মরতে রাজী তবুও নিজ দেশে যেতে রাজি না ।

খ্রিস্টপূর্ব ২৬৬৬ অব্দ থেকে ১৭৮৪ অব্দ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার বছর আরাকান ছিল বাঙালি মুসলমানদের গড়া এক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এখানে মগ এবং মুসলমানের মধ্যে অতীত ইতিহাসে সম্প্রীতির কোনো অভাব ছিল না। ম্রোহং (রোহাং) শহর ছিল আরাকানের রাজধানী। মহানবী (সা.)-এর জীবিতকালেই আরবদের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল। খ্রিস্টীয় সপ্তম শতকে আরব বণিকদের সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলগুলোর বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে আরবীয় দ্বীপগুলোতে মুসলমানরা আলাদা একটি স্বাধীন ও সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এ রাজ্যের শাসকের উপাধি ছিল ‘সুলতান’। আরাকান মূলত ইসলামী রাষ্ট্রের আদলে গড়ে ওঠা প্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি শহর। কিন্তু আজ নিজ মাটিতেই মুসলমানরা পরাধীন ।
কথিত আছে, এ বংশের রাজা মহত ইং চন্দ্রের রাজত্বকালে (৭৮৮-৮১০) মুসলমানদের কয়েকটি বাণিজ্য বহর রামব্রী দ্বীপের তীরে এক সংঘর্ষে ভেঙে পড়ে । জাহাজের আরবীয় আরোহীরা তীরে এসে ভিড়লে রাজা তাদের উন্নততর আচরণে সন্তুষ্ট হয়ে আরাকানে বসতি স্থাপন করান । আরবীয় মুসলমানরা স্থানীয় রমণীদের বিয়ে করেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন । আরবীয় মুসলমানরা ভাসতে ভাসতে কূলে ভিড়লে পর রহম, রহম ধ্বনি তুলে স্থানীয় জনগণের সাহায্য কামনা করতে থাকে । বলাবাহুল্য রহম একটি আরবি শব্দ—যার অর্থ দয়া করা । কিন্তু জনগণ মনে করে, এরা রহম জাতীয় লোক । রহম শব্দই বিকৃত হয়ে রোয়াং হয়েছে বলে রোহিঙ্গারা মনে করে থাকেন । এভাবেই আরাকানের গোড়াপত্তন ।
বঙ্গদেশের করদরাজ্য হিসেবে আরাকানকে প্রতিষ্ঠা করার মাধ্যমে সূচিত হয় এক মহাযুগের, কিন্তু অষ্টাদশ শতকে বার্মার অধীন একটি প্রদেশ হিসেবে শাসিত হয়ে আরাকানিদের যেমন লাভ করার কিছুই ছিল না, তেমনি আরাকানিদের মতো এমন এক জাতিকে শেখানোর মতো বর্মীদেরও কিছুই ছিল না । কারণ আরাকানি জাতি কয়েক শতাব্দী ধরে জ্ঞান-গরিমার উচ্চশিখরে আরোহণকারী মুসলিম সমাজের ঘনিষ্ঠ সংশ্রবে ছিল । এ সময় বর্মীরা ছিল বিচ্ছিন্ন ও পশ্চাত্পদ একটি জাতি । ভোদাপায়া আরাকান দখল করে এ স্বাধীন অবস্থার বিলুপ্তি ঘটান । অথচ ঘা-থানডির সঙ্গে প্রতিজ্ঞা ছিল, ভোদাপায়া আরাকানের স্বাধীন অবস্থা অক্ষুণ্ন রাখবেন আর বিনিময়ে আরাকান বার্মার রাজাকে বার্ষিক কর প্রদান করবে—যেমনটি করেছিল ১৪৩০ খ্রিস্টাব্দে বাংলাদেশের গৌড়ের সুলতান জালালউদ্দিন শাহ । যা হোক, ভোদাপায়া ১৭৮৪ সালে আরাকান দখল করে বার্মাকে একটি প্রাদেশিক রাজ্যে পরিণত করলেন এবং ঘা-থানডিকে নিয়োজিত করলেন প্রাদেশিক গভর্নর হিসেবে ।

ভোদাপায়ার আরাকানের ক্ষমতা দখলের মাত্র এক বছরের মধ্যেই ঘা-থানডির ওপর এসে যায় আরেক প্রবল অথনৈতিক আঘাত। ভোদাপায়া শ্যাম রাজ্য (বর্তমান থাইল্যান্ড) আক্রমণের জন্য চল্লিশ হাজার সৈন্য ও চল্লিশ হাজার মুদ্রা চেয়ে ঘা-থানডির ওপর প্রজ্ঞাপন জারি করলেন । প্রকৃতপক্ষে প্রকট দারিদ্র্যের সর্বনিম্ন অবস্থানে নিপতিত আরাকানের জনগণের পক্ষে এর শতাংশ ভাগ পূরণও সম্ভব ছিল না । চাপের মুখে ঘা-থানডির দাবির অর্ধেক কোনোভাবে পূরণে রাজি হলে ভোদাপায়া রাগান্বিত হয়ে ঘা-থানডির এক ছেলেকে হত্যা করেন। পুরো দাবি আদায় না হলে পরিবারের সবাইকে অনুরূপ হত্যা করা হবে বলে হুমকি দেন ।
এতে ভীত হয়ে ঘা-থানডি কয়েক হাজার অনুচর নিয়ে পালিয়ে আশ্রয় নেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত সীমান্তবর্তী কক্সবাজার জেলার গভীর পার্বত্য অঞ্চলে । আর এরই সঙ্গে শুরু হয় আরাকানিদের মরণপণ স্বাধীনতা সংগ্রাম । অদৃষ্টের পরিহাস—যার অনুপ্রেরণায় ভোদাপায়া আরাকান দখল করলেন, তারই নেতৃত্বে মাত্র এক বছরের মধ্যে শুরু হলো একটি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস । মূলত দীর্ঘদিনের স্বাধীনতা হারিয়ে এবং আরাকানিদের ওপর বর্মী সৈন্যদের চরম নির্যাতন এবং জনগণের ওপর ভোদাপায়ার অতিরিক্ত কর আরোপ প্রভৃতিতে আরাকানের জনগণ অতিষ্ঠ হয়ে পড়ে । আরাকান থেকে লুণ্ঠিত মাল ও বিশাল মহামুনি মূর্তি দুর্গম পার্বত্য পথ দিয়ে বার্মার মান্দালয়ে স্থানান্তর করতে হাজার হাজার মগ-মুসলিম আরাকানিদের জোর করে নিয়োগ করা হয়। দুর্গম গিরিপথ দিয়ে এ স্থানান্তরের কাজ ম্রোহং থেকে মানাদলয় পর্যন্ত পথ আরাকানিদের লাশে ভরে গিয়েছিল । এখনও ম্রোহং আন গিরিপথ পর্যন্ত এলাকা জনবসতি বিরল ।

আজ রোহিঙ্গাদের জন্য যেন কোনো আইনকানুন নেই । আইন যেন আজ নীরবে নিভৃতে কাঁদে । কারণ মুসলমানদের জন্য আইন নয় ! আইন এখানে অকেজো, বিবেক এখানে ভোঁতা । মানবাধিকার লঙ্ঘনের এসব দৃশ্য আর মানুষের বোবা কান্না যেন মানব সভ্যতাকে ভাবিয়ে তুলছে ! প্রতিটি রোহিঙ্গা মুসলমানের কান্নার আওয়াজ আমাদের আধুনিক সভ্যতার গালে এক-একটি চপেটাঘাত করে বলছে—হে আধুনিক পৃথিবীর মানবসমাজ! তুমি মুসলমানদের জন্য বড়ই অমানবিক। হে সভ্যতা! তুমি এখনও মুসলমানদের জন্য অনেক বর্বর । অথচ এই পৃথিবীতে মানবিকতা, ইনসাফ আর মজলুমের অধিকার আমরাই নিশ্চিত করেছি । প্রশ্ন হচ্ছে, আরাকানের নির্যাতিত, নিপীড়িত আর বঞ্চিত মুসলমানদের জন্য বিশ্বের ঘুমন্ত বিবেক জাগবে কবে ? কবে ফিরে পাবে আরাকানের মুসলমানরা তাদের হারানো স্বাধীনতা ?
কিন্তু কতদিন পর ? একমাত্র আল্লাহই ভাল জানেন । আমাদের মুসলিমদের উপর কেন এত অত্যাচার কেন এত নির্যাতন তা একমাত্র আমরা মুসলিমরা একতা মাঝে নেই বলে ।
হে আল্লাহ আমাদের সবাইকে এক করে দাও । মায়ানমারের মুসলমান ভাই বোনেরা  আমাদের ক্ষমা কোরো । ভয়ংকর এই  বিপদের দিনেও তোমাদের পাশে আমরা থাকতে পারছি না । ইয়া আল্লাহ ! ‎মায়ানমারের মুসলিম ভাই ও বোনদের হেফাযত কর । _আমীন_
** সুত্রঃ উইকিপিডিয়া, উইকিপিডিয়া মুক্তবিশ্বকোষ, কালের কন্ঠ, দৈনিক সোনার বাংলাদেশ (ঢাকা থেকে প্রকাশিত)